Site icon MotherLit Foundation

একটি মোরগের কাহিনী

একটি মােরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেলাে
বিরাট প্রাসাদের ছােট্ট এক কোণে
ভাঙা প্যাকিং বাক্সের গাদায়-
আরাে দু’তিনটি মুরগীর সঙ্গে।

আশ্রয় যদিও মিললাে,
উপযুক্ত আহার মিললাে না।
সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে
গলা ফাটালাে সেই মােরগ,
ভাের থেকে সন্ধ্যে পর্যন্ত—
তবুও সহানুভূতি জানালাে না সেই বিরাট শক্ত ইমারত।
তারপর শুরু হলাে তার আঁস্তাকুড়ে আনাগােনা:
আশ্চর্য। সেখানে প্রতিদিন মিলতে লাগলাে
ফেলে দেওয়া ভাত-রুটির চমৎকার প্রচুর খাবার।
তারপর এক সময় আঁস্তাকুড়েও এলাে অংশীদার
ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু’তিনটে মানুষ;
কাজেই দুর্বলতর মােরগের খাবার গেলো বন্ধ হয়ে।

খাবার! খাবার! খানিকটা খাবার।
অসহায় মােরগ খাবারের সন্ধানে
বারবার চেষ্টা করলাে প্রাসাদে ঢুকতে,
প্রত্যেকবারই তাড়া খেলে প্রচণ্ড।
ছােট্ট মােরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে—
প্রাসাদের ভেতর রাশি রাশি খাবারের।

তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেলো,
একেবারে সােজা চ’লে এলাে
ধপধপে সাদা দামী কাপড়ে ঢাকা খাবার টেবিলে,
অবশ্য খাবার খেতে নয়—
খাবার হিসেবে॥

Exit mobile version