Site icon MotherLit Foundation

অনেকগুলো বাড়ি

দুঃখী লোকেদের বাড়ির চেয়ারগুলো কাঁদে
তাদের পায়ের কাছে জল ছপ ছপ করে
দুঃখী লোকেদের বাড়ির দেয়ালগুলোও কাঁদে
দেওয়ালের ছবির মধ্যেও ভাপ জমে কান্নার

কত বাড়ি আছে কত অশ্রুময়
চোখের সামনে তারা টলমল করে ওঠে
দুঃখী লোকেদের বাড়ির বারান্দা, মাদুর, পাপোষ
সব কান্নায় ভিজে থাকে
সেখানে রোদ্দুর বা ক্যামেরার ফ্ল্যাশও ঝাপসা ভিজে হয়ে যায়

এরকম অনেকরকম বাড়ি আছে
রুগি লোকেদের বাড়ি
ছেড়ে চলে যাওয়া লোকেদের বাড়ি
অথবা ফেরারের বাড়ি যে ফিরে আসবে
নয়তো চাঁদের আলোয় আত্মহত্যার বাড়ি
যেখানে কেউ ফিরে আসবে না

Exit mobile version