Site icon MotherLit Foundation

নির্জনতা সংগ্রাহক

একজন নির্জনতা সংগ্রাহক যিনি একটি নিভৃত জীবন খুঁজে ফেরেন
কিন্তু কোথাও নির্জনতা নেই

চারদিকে বিরক্তিকর কান ফাঁটা শব্দ উৎসারিত হয়ে ধাক্কা মারে কর্ণকুহরে
মাইকের অ্যানাউন্স ভেসে আসে জানালা খুললেই
প্রিয়তমা স্ত্রী বাজারের দীর্ঘ ফর্দ ধরিয়ে দেয় ঘুম থেকে উঠলেই
টিভির অসহনীয় শব্দ ভেসে আসে ড্রয়িং রুম থেকে
রান্না ঘর থেকে থালা বাসনের টুংটাং ধ্বনি
গাড়ির ভেঁপুর শব্দ
ফায়ার সার্ভিসের সাইরেন
মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের
আত্মীয় স্বজনের অযৌক্তিক আবদার
পড়শী ভাবিদের গয়নাগাটি সংগ্রহের
নতুন কেনা বি এম ডব্লিওর
প্রতিবেশীর বিলাস বহুল জীবনের
নিজের ভেতর থেকে হতাশার সকরুণ কান্নার
একজন নির্জনতা সংগ্রাহক এইসব রকমারি শব্দ থেকে বাঁচতে চায়
কিন্তু কোথাও নির্জনতা নাই
নির্জনতা সংগ্রাহক তাই ঝিনুকের ভেতর থেকে মুক্তো কুড়োনোর মতো
সকাল থেকে সন্ধ্যা অবধি সংগ্রহ করেন টুকরো টুকরো নির্জনতা
তিনি নির্জনতা কুড়িয়ে আনেন অফিসে
বসের অর্থহীন ধমক থেকে
তিনি নির্জনতা কুড়িয়ে আনেন মাছের বাজারের
নাগালহীন উচ্চমূল্য থেকে
পেঁয়াজ রশুন আনাজের দ্রব্য মূল্য বৃদ্ধি থেকে
শপিংমল,থিয়েটার,ক্ষেতের খামার,মিছিল,সমাবেশের শব্দ দূষণ থেকে
তিনি নির্জনতা কুড়িয়ে আনেন ওই বিনোদিনি মেয়েটার কাছ থেকে যে অকারণে খিলখিল হাসে
আর তার অঙ্গসৌষ্ঠবের অহংকার করে

তিনি দীর্ঘ জীবন ধরে কুড়িয়ে আনা এইসব টুকরো টুকরো নির্জনতা নিপুণ দর্জির মতো জোড়া লাগিয়ে দেন
এই ইঞ্চি ইঞ্চি নির্জনতা একদিন কাফনের কাপড়ের মতো দীর্ঘ হবে
ঢেকে দিবে তার সাড়ে তিন হাত শরীর অনন্তবীথিকায়-নৈঃশব্দ্যে।

Exit mobile version