Site icon MotherLit Foundation

একা

তোমার কাছে যাব বলে পথে নেমে
হঠাৎ দেখি সারা শরীর উঠল ঘেমে।

ঘাম ঝরছে, নাম ঝরছে পোশাক বেয়ে
এমন সময় সাঁঝের পাখি উঠল গেয়ে।

কী নাম যেন ওই পাখিটার, সাঁঝের কোকিল ?
ডাকছে একা বুকের ভেতর, স্তব্ধ নিখিল।

পথের বাঁকে পাব কাকে কে আর আছে
আমায় দেখে সন্ধ্যাকালীন মৃত্যু নাচে।

হায় রে মরণ, কী অকারণে নাচছ তুমি ?
কাঁপছে সবই, পায়ের নিচে মাতৃভূমি।
কারা যেন ছায়ার মতন আছে কাছেই
ছড়িয়ে আছে ঘাসের ওপর গাছে গাছেই।

আমি তো সেই পথের মানুষ পথেই আছি
হাত বাড়ালেই পাবে বুকের কাছাকাছি।

কেবল তোমার মুখের মায়া ডাক দিয়েছে
হাঁটতে হাঁটতে ভাবছি মরণ হাঁক দিয়েছে।

এবার নামুক নিগূঢ় আঁধার আমায় ঢেকে
সব চলে যাক আলোর সাথে আমায় রেখে।

Exit mobile version