Site icon MotherLit Foundation

হয়ে ওঠা

যতক্ষণ না আমাতে যুক্ত হও
প্রবহমান পদ্মা পলির উর্বর
আমি হয়ে উঠবো না

সুন্দরবন যতক্ষণ না অঙ্কুরিত হয়
আমার বাহুর দৈর্ঘ্যে
মিলিত না হয় অস্থিতে কোনো ডোরাকাটা
আক্রমণ না করে শাণিত স্বপ্নে
আমি হয়ে উঠবো না
বঙ্গোপসাগর বিলি না কাটে দৃষ্টিতে
বুনে দেয় অসীমের স্পন্দন
আমাকে ছাড়বে না বিস্মরণ

সাকা হাফং থেকে চুইয়ে না পড়ে
আকাশের চূড়া
বসন্তের বিকেল উড়ে এসে না বসে
আমার মাথায়
যতক্ষণ না প্রতিষ্ঠা পায় সবুজের প্রাণ

আমার তৃষ্ণায়
আমি হয়ে উঠবো না

Exit mobile version