Site icon MotherLit Foundation

অশ্লীল

আমি দেখেছি এক অশ্লীল লোক সমাজচ্যুত সে
অশ্লীল অঙ্গভঙ্গি করে তবু সে সমাজেই থাকে,
এই যে কারুকাজ শাড়ী পরে সৌরভ গায়ে মেখে
নারীগণ কাজে যায় আদিম বাঁধন ছিঁড়ে
লোকটি আমাদের বলে লোলুপ তাকিওনা ওদের দিকে,
কী অশ্লীল!

এই যে অনাগত শিশু আসছে বাড়ির ভেতর
রেখে যাচ্ছ তার জন্য কতটুকু সুপেয় জল, কতটুকু অক্সিজেন?
কতটুকু নিরাপদ আশ্রয়?
নিঃশ্বাসে সিসা কার্বনমনোক্সাইড
আকাশের অন্তর্জাল ছিঁড়ে অতিবেগুনী রশ্মির উত্তাপ
আচমকা চমকে যায় প্রকৃতি, চমকে দিয়ে আমাদের
ভাসিয়ে নিয়ে যায় বসত- ভিটা পুকুর স্বপ্ন জীবনের
পথে ঘাটে মাঠে সিম্পোজিয়াম সেমিনারে লোকটা এইসব বলে
কী অশ্লীল!

এইযে তোমরা বলছো উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ
বাড়ি ঘর পথ মাঠ শহর নগর বন্দর
কলমের জোরে কতটুকু খেয়েছেন মন্ত্রী মহাশয়, ভরেছেন কতটুকু উদর?
শতশত অনুগত কর্মী তেড়ে আসে লোকটির দিকে
পুলিশ হাতকড়া নিয়ে তার পিছু ছুটে
কুশলী ছল খুঁজে কিভাবে তাকে বেঁধে ফেলা যায়
নিয়মের বেড়াজালে
এবং সুশীল কিছু লোক যারা সরকারের নুন খায় তারা তাকে ধিক্ দেয়
কারণ সে অশ্লীল খুব অশ্লীল।

Exit mobile version