তোকে বৃষ্টি দিতে চেয়েছিলাম
কিন্তু তুই শুরু করলি মেঘ নিয়ে কাড়াকাড়ি
ধূসরের প্রতি তোর এই টান আমাকে
মনে করিয়ে দিলো ‘কৃষ্ণকথা’র কথা
নদীর স্তনের বোঁটায় ধাক্কা দিচ্ছে কুয়াশা,
কথা লেগে লেগে সত্য হয়ে উঠছে নিমগাছ,
রূপোর বাটি থেকে গড়িয়ে নামা লাবন্য
বাসা বাঁধছে রাইয়ের কাঁখে,
আর অশোকের নীচে একলা দাঁড়িয়ে ভাবছে দুপুর,
এই মন কেনো স্বর্গ হলো আজ!
পাতার ওপর জেগে থাকা মর্মরে
আজ তুই সত্য হয়ে যা,
মন্ত্রের মতো ছেয়ে থাকা উঠোনে আজ তুই
শষ্য হয়ে ওঠ, জোছনা হয়ে ওঠ
জন্মের এইতো সুখ; বারবার জেগে ওঠা
বারবার ফিরে আসা চেতনে রোদনে।
তুতেনখামেনের পাশে গলিত লাভায়
বারবার চিহ্ন আঁকা যোনি ও জনকের
আজ তুই বৃষ্টি হয়ে ঝর , আজ তুই মায়া হয়ে
ছায়া হয়ে, হয়ে ওঠ পৃথিবীর একজন।

