এক অদ্ভুত দানব এসেছে নগরে যে সব কিছু খেতে চায়
সে খেতে চায় রুপালি জ্যোছনা, কাঁচা রোদের ঘ্রাণ
খেতে চায় নক্ষত্রপুঞ্জ, শ্যামল কুঞ্জবন
খেতে চায় সোনালী ইতিহাস, অক্ষর ও বর্ণমালা
খেতে চায় ভালোবাসা, কোমল শিশুর দেয়ালা
খেতে চায় সবুজ, উগড়ে দিতে চায় লাল
খেতে চায় কর্ষিত ভূমি, সালেহার কপাল
খেতে চায় সময়Ñদিন, মাস, বছর
খেতে চায় রঙিন অনুভূতি, নদীর জোয়ার
খেতে চায় তারুণ্যের যৌবন, পিচ ঢালা পথ
খেতে চায় নগরের দীর্ঘশ্বাস, ফলবতী ফসলের মাঠ
খেতে চায় প্রজ্বলিত সুখ, আলোহীন প্রান্তরে পিদিমের আগুন
খেতে চায় মেঘমালা, আর আমাদের সব অক্সিজেন
খেতে চায় তাম্রলিপিতে উৎকীর্ণ সভ্যতার সুপ্রাচীন ইতিহাস
খেতে চায় আশ্চর্য সত্য, কুসুমদল, বাসন্তী সুবাস
খেতে চায় দৃষ্টিহীনের স্বপ্ন, মিছিল ও নগরমুখী আন্দোলন
খেতে চায় কবিতা, সন্ধ্যারাগ ও সুখী মানুষের হৃদস্পন্দন।

