কিছু মনে থাকবে না জানি
শেষ হয়ে যাবে সব
আকাশে মিলিয়ে যাবে বিকেলের রোদ
এই এক-জীবনের ঋণে বাঁধা আছে কত প্রেম
বিনা আয়োজনে শেষ হয়ে যাবে দিন
বাসরের চির অহঙ্কার৷
তোমাকে বলতে বলতেই ছিঁড়ে যাবে বাঁধনের তার
তোমারও মনে হয় কোনো ঠাণ্ডা হাত স্পর্শ করবে না বাকি এ জীবনে
ভালবাসা ভুল হয়ে যাবে
পুরোনো জীবন ভুল হয়ে যায় যেইভাবে৷
একটি ছুটির ভোর তাড়া করে ফেরে এখনও
এখনও কামিনীর ডালে ফোটে ফুল
টুংটাং শব্দ ভেসে আসে
আমাকে ইথারে স্পর্শ করে কোনো স্বর
আমাকেও বুঝি ভুলে যেতে হয় সুগভীর আলিঙ্গন,
মুখ ফেরায় চঞ্চলা সুখ
অশ্রুগুলো স্পর্শ করে সর্বনাশা দিন
এসব কিছুই রইল না, কিছু থাকবে না ব্রত
তোমাকে বলতে বলতেই আগামিকালের ঘণ্টা বাজে
ছুটির সকাল মুখ টিপে হাসে,
স্রোতের মতোন বয়ে যায় দিন
জীবনও চলে যায় এইভাবে
মহাকাল শুধু পড়ে থাকে ভালবাসারই অভিশাপে৷

