চিড়িয়াখানা

ইউসুফ আলী

“স্বাগতম পৃথিবীর প্রথম মানুষের চিড়িয়াখানায়”

চিড়িয়াখানার ভেতর অগণন মানুষের ভীড়,
এখানে রয়েছে বিভিন্ন পেশাজীবি মানুষ-
কামার,কুমার,মুটে, মজুর,বণিক,আমলা, খুনী, ভাঁড়,
এখানে দেখা মেলে দুধ সাদা হৃদয় যারা পুষ্পের সৌরভ ছড়ায়
এখানে দেখা মেলে বিষ্টা পূতিগন্ধময় বদমাশ যারা অম্ল ঢালে মধুরিমায়
এখানে দেখা মেলে বিচিত্র উদ্ভট খেলো চরিত্র, রকমারি অঙ্গসৌষ্ঠব-
খাঁটো ও বেঁটে
এখানে কেউ অকৃত্রিম ভালোবাসা দেয়
কেউ সুযোগ পেলেই ধমনী কাটে
কেউ ক্রোধে ফোঁসে সুনামি- উন্মাদ জোয়ারের মতো
কেউ বুকের স্নেহময় পলিমাটির কবরে চাপা দেয় ক্রোধ
এখানে কেউ নির্দয় কেউ দয়াময়
কেউ মূক ও মূঢ় কেউ ধীমান
কেউ কদর্য কেউ শ্রীমান
কেউ সুবিধাবাদী কেউ প্রতিবাদি
কেউ সংযমী কেউ ভোগবাদী
এখানে কারও দুঃখ বোধ হরেক রকমের
এখানে কারও বাগযন্ত্র হরবোলার
এখানে শাসকের দৃষ্টি শ্যেন সাধারণ্যের সরল
প্রতারকের কুটিল সাধুর কোমল
এখানে মৃতলিপি আঁকে ক্ষুধার্তজন