বাস্তবতা দেখতে কেমন?
ফুলের মতোন?
গানের মতোন পাখির মতোন
অনাহারী শিশুর মতোন?
একজন দিনমজুর যে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে কাজে যায় ক্ষুধার আক্রোশ থামাতে
ঘন সন্ধ্যায় অপেক্ষা করে তার স্ত্রী ও সন্তানেরা
মোটা চাল মোটা ডাল আর চ্যাপা নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায়
বাস্তবতা তারই মতোন
ষোড়শীর মেঘ নরম ঠোঁটের মতোন স্তনের মতোন
দেবর ভাবির একটু গোপন প্রেমের মতোন
অনাদর আর অবহেলায় ফাঁসিতে ঝুলা ছিন্ন বস্ত্র কিশোরির মতোন
মরা গরুর পঁচা মাংশে উড়ুক্কু মাছির মতোন
বাস্তবতাকে আমরা অনেকেই উপলব্ধি করি।
বাস্তবতা উপলব্দির বিষয়।একই সাথে বাস্তবতা দেখারও বিষয়।
বাস্তবতা কখনো মধুর আবার কখনো অম্ল।
বাস্তবতা কখনো করুণ রাগে বাঁশি বাজায়
কখনো আনন্দের বান ছুটায়
কখনো বাস্তবতা পথের ধারে একটি বেগুনি ফুল হয়ে ধরা দেয়
কখনো বাস্তবতা নেশাগ্রস্ত লড়ি চালকের ভুল ড্রাইভিংয়ে স্বপ্নাক্রান্ত এক স্কুল বালকের রক্তাক্ত লাশ
কখনো বাস্তবতা পাওনাদারের ভয়ে এক দেনাদারের অভিভূত মুখের প্রতিচ্ছবি
কখনো বাস্তবতা পরাজিত খেলোয়াড়ের একরাশ কান্না
কখনো বাস্তবতা মৃত্যুর অপেক্ষায় থাকা এক কর্কট রোগীর দীর্ঘশ্বাস
কখনো বাস্তবতা পলায়নরত একটি শিশু মুরগীর ওপর নিপুণ একটি চিলের নির্মম ছোঁ
কখনো বাস্তবতা বহুল প্রত্যাশিত প্রার্থীর নির্বাচনে পরাজয়
কখনো বাস্তবতা দারুণ এক মেধাবী ছাত্রের নির্মম পতন
কখনো বাস্তবতা পুষ্প বাগে চন্দ্রমল্লিকার উদার সৌন্দর্য
কখনো বাস্তবতা মৃত্যুবৎ নৈঃশব্দ্যে জ্যোছনার প্রবল বান
কখনো বাস্তবতা ঐচ্ছিক সঙ্গমে অনৈচ্ছিক ভ্রুণের রক্ত জবার মতো ঝরে পড়া
কখনো বাস্তবতা সুচাগ্র নরুন
কখনো বাস্তবতা বেদনাগ্রাহী
কখনো বাস্তবতা হৃদয় গ্রাহী
কখনো বাস্তবতা অক্ষয়
কখনো বাস্তবতা ক্ষয়
কখনো বাস্তবতা ভুল রাজনীতি
কখনো বাস্তবতা ভুল জীবনের হিসেব
কখনো বাস্তবতা খুনীর বুনো হাসি
কখনো বাস্তবতা খোলা মাঠে দুধেল হাওয়ায় এক বেখেয়ালির বাঁশি।

