একসারি খালি বোতল খেয়ে বাঁচে পানি
কিংবা বার হাউজে রেড ওয়াইনের কুলীন গ্লানি
জীবনে প্রাণের রসদ পেতে ওরা ময়লার স্তুপে যায়
কেউ ফ্যাক্টরীর সামনে দাঁড়িয়ে বিস্কিটের ঘ্রাণ খায়
পথের ধারে শূন্য ড্রামে সদ্য ফোটা শিশুর একজোড়া কাতর চোখ
মেঘের আড়ালে হাসে লাল টুকটুকে চারু মুখ
শ্রমিকের ঘামে নেশা হয় একদল শুয়োরের
খেয়ালি বাতাসে কোমর নাচে কতক বোতলের
এই বুঝি পড়ে যায়!
মৌ মৌ করে সুস্বাদু মেন্যু ইতালিয় রেস্তোরাঁয়
সন্ধ্যায় নিয়নের আলোয় কিশোরীর উলঙ্গ শরীরের মতো নগরের ঝলমলে রূপ
যাদের ঘামে এই নগর তাদের কলিজা পুড়ে দেওয়া হয় ধূপ
শূন্য ড্রাম ছেড়ে নবজাতক হয়ে যায় খালি বোতল
আরও কয়েকটি পরিত্যক্ত বোতলের সাথে বাঁধে দল
তারা খায় সিসা, বিষ,রশ্মি, কার্বনমনোক্সাইড
রেস্তোঁরার বাসি খাবার পঁচা ব্যাঙ, ছুঁচু, সাপ
তারা নগরের জঞ্জাল পরিষ্কার করে শূন্য বোতল হয়ে যায়…

