কাল রাতে এক আলৌকিক স্বপ্ন দেখেছি
একটি সুসজ্জিত রকেট এসেছে আমায় নিয়ে যেতে
অদ্ভূত সুন্দর রকেট তার প্রতিটি আসন সাদা
আমাকে দেয়া হয়েছে যে ভূষণ তাও সাদা
রকেটের ভেতর বেশ কিছু অভ্যর্থনাকারী এসেছেন আমায় বরণ করে নিতে,
তারাও সাদা, তাদের পোশাকও সাদা, বরফ খন্ডের মতো হিম,
পান্ডার মতো বড় বড় তাদের চোখ, সাদা হিম,
ছুঁচুর স্বরের মতো সরু কন্ঠস্বরÑসাদা,
যখন তারা কথা বলে,
তুষার বাষ্প যেন আমার কাঁধ ছুঁয়ে যায়
একজন বিমান বালা, তার পরনের পোশাকও সাদা,
সাদা গাঁদা ফুলের মালা আমার গলায় পরিয়ে দেয়, তার হাসি সাদা,হিম
অভ্যর্থনাকারীদের কাউকে কাউকে আমার পরিচিত মনে হলো
সেখানে দেখেছিলাম মহান রবীঠাকুর ও কাজী নজরুলকে
আন্তরিকতার সাথে গল্প করছিলেন বাংলাসাহিত্যের দুই দিকপাল,
আমি বিমোহিত হয়েছিলাম,
অবাক হয়েছিলাম হিটলার, রুজভেল্ট, মুসোলিনী আর উইনস্টন চার্চিলকে দেখে,
পাশাপাশি তারা বসে আছেন মালা নিয়ে,
তাদের হাসি সাদা, হিম
রবার্ট ক্লাইভ, নবাব সিরাজউদ্দৌলা আর মীর জাফরকে দেখেছিলাম
পরস্পরের দিকে তাকিয়ে হাসছেন-সাদা, হিম,
শেখ মুজিব, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক, পাশাপাশি বসে আছেন,
ফিসফিস করে খোশগল্প করছেন,
মাঝে মাঝে আমার দিকে হাস্যোজ্জ্বল তাকান- সাদা, হিম,
একজন পেছন থেকে উঠে দাঁড়ায়, ঈগলের মতো ডানা তার, সাদা ও বরফের,
হিম ও সাদা কন্ঠে বলেন, মহাকাশের আজকের অভিযাত্রায় আপনি আমাদের প্রেসিডেন্ট,
আমি! আমি আনন্দে বিগলিত হই
এতগুলো গুণী মানুষের নেতা আমি!
আমি করমর্দন করছিলাম অভ্যর্থনাকারী অভিযাত্রীদের,
আমি ছোঁয়ার সাথে সাথেই তাদের সাদা অবয়ব শূন্য হয়ে যায়,
কুয়াশার মতো ধোঁয়া হয়ে মিলিয়ে যায়,
একটি মিহি স্বর ভেসে আসে শূন্য সাদা চেয়ারগুলো থেকে,
‘‘বহুকাল যাবৎ সূক্ষ্ণ তন্তু দিয়ে আমাদের বেঁধে রাখা হয়েছে,
আমরা আত্মা, আমরা মুক্তি চাই’’
সাদা রকেটটি উড়তে থাকে শূন্যে, মহাকাশ অভিমুখী,
অনন্ত শূন্যতায় মেঘের মতো ভাসতে ভাসতে আমি হাসি-সাদা,হিম
আমি প্রেসিডেন্টের আসনে বসার সময় উচ্ছ¡সিত হই
কেউ একজন আমাকে ছুঁয়ে দেয় তারপর শূন্য হয়ে যাই
একটা মিহি সূক্ষ্ণ তন্তু আমার আত্মাকে বেঁধে দেয় আষ্টেপৃষ্ঠে
আমি ছুঁচুর মতো চিঁচিঁ করছি
আমি মুক্তি চাই,
সাদা রকেটটি উড়ে চলছে ভোঁ ভোঁ ভোঁ শূন্য অভিমুখে…
সাদা, হিম।

