সময় অনন্ত

(লেখক: অজ্ঞাত)

এখন আমরা দুজনে প্রচ- প্রতিকূলে দগ্ধ হচ্ছি

আমাদের সময় নেই-অসময়ও নেই-

নগরীর দুয়ারে দাঁড়িয়ে একবারও স্বজন তাকায় না ফিরে

নিরুদ্দেশের পথে উত্তাল ঢেউয়ের মধ্যে

তোলপাড় হয়ে যাচ্ছি দুজনেই অবিরাম।
কেউ ডাকে না, তাকায় না পেছনে,

কেবল দগ্ধ হয় মাটি-এই মন, বসতবাড়ি

পুড়ে যায় মনের ভেতর অজানা আশঙ্কায়,

আমরা দুজনেই দূরত্বের পাহাড় ভেঙে ভেঙে

রোদন ও স্বপ্নের মধ্যে স্থির হয়ে আছি;

যেন রুদ্র ভালোবাসার জাল বুনতে বুনতে

হারিয়ে যাই এক কঠিন পথে-প্রান্তরে।

এখন দুজনের মধ্যভাগের সময়টুকুই একমাত্র সম্বল

এখন আমরা নীল প্রহরের যাত্রী

এক সুদূর ও অজানা সড়কে আমাদের নির্বাসন।

আমরা একবারও ডাকবো না কাউকে,

একবারও বলবো না-অনন্ত, তোমাকে কীভাবে

প্রচ- প্রতিরোধে আবিষ্কার করবো!

পুড়ে পুড়ে খাক্ হয়ে যাবো প্রতিশ্রুতির আগুনে?