সাহিত্যিক পরিচিতি

কবি রেজাউদ্দিন স্টালিন বাংলা কাব্যপরিসরে এক অন্যতম কবি প্রতিভা। যে প্রতিভা দীর্ঘদিন একের পর এক নতুন নতুন কবিতার নির্মাণে অক্লান্ত থেকেছেন, অকল্যাণের বিরুদ্ধে জেগেছেন, মানবতার সপক্ষে সর্বদা সংগ্রাম করেছেন; সৃষ্টি করে চলেছেন ভিন্নভিন্ন বোধ-অনুভব, চিত্র, দর্শন। যা তার নিজ দেশ, ভাষা-সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলকেও করেছে আলোকিত। তিনি ইতিহাস-ঐতিহ্য-কৃষ্টি-সংস্কৃতির মধ্যেই নতুন বোধ-বুদ্ধির সম্মিলন ঘটিয়ে সর্বমূলে মানবতার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। বাংলা সমাজ-সংস্কৃতি ও দেশীয় বাস্তবতার নিরিখেই তিনি স্বচ্ছ এবং শোভনের চর্চায় রত। তার কবিতা সর্বদাই স্পষ্ট- বক্তব্য, অনুভব প্রকাশে এবং চিত্ররূপ সৃষ্টিতে। আর এক্ষেত্রে তিনি একক ও স্বতন্ত্র। তার কবিতা বীরধর্মে বলিয়ান।

বিগত ষাট দশকের শুরুতে তার জন্ম, আশির দশকে তার বিকাশ। নিজ দেশের অস্থিরতা, যুদ্ধ, অরাজকতা- এসব কিছুর মধ্যেই রেজাউদ্দিন স্টালিন তার কবিতার লক্ষ্যকে চূড়ান্তজ্ঞান করেছেন। স্তব্ধ জাতির শরীর-মননকে জাগিয়ে তোলার সাধনাই, নিজ দেশের সার্বিক উত্তরণ প্রত্যাশাই এবং সর্বোপরি মানবিক বিকাশকে সমুন্নত রাখার সাধনাই রেজাউদ্দিন স্টালিনের অন্যতম কাব্যদর্শন।

স্টালিন ১৯৬২ সালের ২২শে নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাতা রেবেকা সুলতানা একজন স্কুল শিক্ষিকা ছিলেন। তিনি অবসরে গিয়েছেন। তার দুই বোন রয়েছে। তারা হলেন সুহিতা সুলতানা ও সেতারা এলিন।

স্টালিনের শৈশব কাটে নলভাঙ্গা গ্রামে। পরবর্তীতে তারা সপরিবারে কালিগঞ্জ শহরে চলে যান। ১৯৬৯ সাল থেকে তারা কালিগঞ্জ থেকে যশোর নতুন উপশহরে চলে যান এবং সেখানে উপশহরের ডি ব্লকের ২২৩ নম্বর বাসাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শৈশব থেকে তিনি কবিতা লিখতেন। আট বছর বয়সে তার প্রথম কবিতা শপথ ১৯৭০ সালে শতদল পত্রিকায় প্রকাশিত হয়।

স্টালিন রচিত প্রথম কাব্যগ্রন্থ ফিরিনি অবাধ্য আমি। পরবর্তীতে তিনি আরও ৪৫টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ হল আর্শীবাদ করি আমার দুঃসময়কেআঙ্গুলের জন্য দ্বৈরথহিংস্র নৈশ্য ভোজসব জন্মে শত্রু ছিল যে। তার সর্বশেষ কাব্যগ্রন্থ তদন্ত রিপোর্ট তিনি রবীন্দ্রনাথ আরোগ্য নামে একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। তার রচিত ছড়া গ্রন্থ হাঁটতে থাকো। স্টালিন রচিত একমাত্র উপন্যাস সম্পর্কেরা ভাঙ্গে। তার কবিতার একটি একক সিডি “আবার একদিন বৃষ্টি হবে”, এটি আবৃত্তি করেন প্রদীপ ঘোষ। অনুবাদক জাকারিয়া সিরাজী সিলেক্টটেড পয়েমস অব রেজাউদ্দিন স্টালিন নামে একটি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন। রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানী ও ফরাসী ভাষায় অনূদিত হয়েছে।